Enter your keyword

বিশ্বের প্রতি প্রন্তরে বাংলার মুখ

Monday, October 24, 2016

সখি 'না'

ফুল ফুটলে ছড়াবে সুরভী। সেই সুরভী পৌঁছে যাবে ভ্রমর কুঞ্জে। কুঞ্জে কুঞ্জে উঠবে গুঞ্জণ মুখরিত করে নির্জন বনভূমি। মধু মঞ্জুরির রূপের ছটায় মুগ্ধ হবে অলি। প্রজাপতিরা রঙীন ডানায় নাচতে নাচতে ক্লান্ত হবে, মধু সেবনে শ্রান্ত হবে। বাতাসে সুরভী ছড়িয়ে বিনি সূতোয় অলিকে বাঁধবে পুষ্প। অদৃশ্য টানে কাছে টানবে জড়াতে মধুর আলিঙ্গনে। নৃত্য সুখে মাতোয়ারায় ক্লান্ত অলি ফুলের বুকে আছড়ে পড়ে তৃষ্ণা মিটাবে। ফুল গুলোও যেন মধু বিলিয়ে পরম তৃপ্তিতে প্রণয় সুখ উপভোগ করবে। পুষ্পের সাথে অলির প্রেম পূর্ণতা পাবে।

এইতো হল প্রকৃতির বুকে চির ঘটমান ছোট্ট একটি প্রেমের কাহীনি। মানব জীবনও যেন ঠিক এই পুষ্প অলির মত। মানুষের মাঝেও বাস করে প্রকৃতি। সদ্য ফোটা পুষ্প গুলোর মতোই যেন হেসে খেলে বেড়ে উঠে কিশোরী কন্যা গুলো। রূপে যৌবনে আলোকিত করে মাটির পৃথিবী। সেই আলোর ছটায় মুগ্ধ হয় ভ্রমররূপি প্রেমিক যুবক। গ্রাম হোক শহর হোক বা পৃথিবীর যে প্রান্তই হোক নারী পুরুষ প্রণয় বাঁধনে জড়াবে এটাই সৃষ্টির চিরন্তন সত্য। স্থান কাল পাত্রভেদে এই প্রেমের রূপেও যেমন থাকে ভিন্নতা তেমনি প্রেম নিবেদনের কৌশলেও থাকে ভিন্নতা। শুধু উদ্দেশ্য একই। লোকচক্ষুর অন্তরালে এগিয়ে যায় নানান ইতিহাস।

তেমনি এক গাঁয়ের ছেলে মুগ্ধ তার সখির রূপে। ছলে বলে নানান কৌশলে সদাই ব্যাস্ত মনের অনুভূতি প্রকাশে। কি করে সে সখির ভালবাসা পাবে সেই চিন্তায় ভুলেছে নাওয়া খাওয়া। তাইতো ছন্দে ছন্দে ডাকছে তাকে অন্তরের সব আবেগ ঢেলে,,,,,,,,

সখি তুমি জল আনতে যেওনা নদীর কূলে
ছন্দে তোমার ঢেউ খেলে যায় তুফান উঠে জলে,
সখি মন যে কেমন করে আমার
যেওনা ওগো ঐ যমুনার কূলে |

সখি তোমার দুষ্টু নয়ন যখন পাপড়ি মেলে
ব্যাস্ত পথিক থমকে দাঁড়ায় রাস্তা যে যায় ভুলে,
সখি প্রাণ যে কেমন করে আমার
দিয়োনা কাজল ভ্রমর কালো ঐ নয়নের কোলে
তুমি চেওনা নয়ন তুলে |

সখি তোমার মৃদু পায়ের চিহ্ন যেথায় রয়
হৃদয় আমার ধুক ধুকিয়ে বারে বারে কয়,
সখি হৃদয় কেমন করে
তুমি আলতা দিয়না শুভ্র দুটি পায় |

সখি তোমার নরম হাতে চুড়ি রিনঝিন করে
সেই শব্দে ব্যাকুল পরাণ জাগি স্বপ্ন ভোরে,
সখি পরাণ কেমন করে আমার
মিনতি করি রঙিন চুড়ি পরোনা হাতটি ভোরে |

সখি তোমার মেঘলা বরণ খোপা যখন খোলে
রৌদ্র রাঙা সূর্য তখন লুকায় মেঘের কোলে,
সখি দিন কেটে যায় ঘোরে
দিয়ো কভূ খোপার ফুলটি ঐ যমুনায় ফেলে |

সখি তুমি মৃদু হেসে যখন কাছে আস
নয়ন আমার অন্ধ যে হয় যখন তুমি হাস,
সখি জীবন যে যায় নিভে
একবার শুধু যাও বলে যাও আমায় ভালবাস,,,,,,,,

No comments:

Post a Comment